
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মুজিব শতবর্ষে ১১০ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্কুলব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা মো: ফরিদ আহমেদ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবদুর রহিম এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের পক্ষ থেকে মুজিব শতবর্ষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের অংশ হিসেবে কলাপাড়ায় ১১০টি স্কুলব্যাগ, জ্যামিতি বক্স এবং স্কেল বিতরণ করা হয়েছে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, রজপাড়া দ্বীন-ই এলাহী মাদ্রাসার এবং এলাকার দুস্থ শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণসমুহ বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক সাংবাদিকদের জানান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, রজপাড়া দ্বীন-ই এলাহি মাদ্রাসার শিক্ষার্থীদের ৫০টি করে এবং এলাকার দুস্থ-অসহায় ১০ শিক্ষার্থীকে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়েছে।