আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ ওই ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক ও চোরাচালান বিরোধী আইনে পৃথক মামলা দায়ের করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হল- উপজেলার পুখুরী গ্রামের মৃত্য বাকো সরেনের ছেলে কাদো সরেন (৬০), কাদো সরেনের স্ত্রী দুলিনা টুড (৪৫) বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের কেশোড মার্ডির ছেলে সুনিল মার্ডি (৪৫) ও ফুলবাড়ী উপজেলার পুখুরী গ্রামের মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগম (৪৫)।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল উপজেলার পুখুরী গ্রামের আদিবাসি বাড়িতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ কাদো সরেনসহ তার স্ত্রী ও তার সহযোগী সুনিল মার্ডিকে আটক করা হয়। এরপর একই এলাকায় অভিযান চালিয়ে ১২কেজি গাঁজাসহ মোজাফ্ফর মন্ডলের স্ত্রী জোসনা বেগমকে আটক করা হয়।