
নালিতাবাড়ী (শেরপুর) : এক ছেলে এক মেয়ের জনক বর মোশারফ হোসেনের (৩০) কথা ছিল আজ (শনিবার) রাতে আপন চাচাতো বোনের (১৩) সাথে বাসরঘরে থাকার। কিন্তু বেরসিক প্রশাসন তিন মাসের জেল দিয়ে তাকে পাঠালো কারাগারে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আয়নাতলী গ্রামে বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধরাবুন্নি গ্রামের দুই সন্তানের জনক মোশারফ হোসেন এর স্ত্রী চলে যাওয়ায় তের বছর বয়সী আপন চাচাতো বোনকে বিয়ের সিদ্ধান্ত নেয়। পারিবারিকভাবে নেওয়া ওই সিদ্ধান্ত অনুযায়ী কিশোরী পাত্রীকে ঢাকা তার মায়ের কাছ থেকে নালিতাবাড়ী উপজেলার আয়নাতলী গ্রামে নানার বাড়ি আনা হয়। শনিবার পিতৃহীন কিশোরীর বিয়ের যাবতীয় আয়োজন শেষ পর্যায়ে। এমতাবস্থায় রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হানা দেয় উপজেলা প্রশাসন ও পুলিশের লোকজন। পরে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।