
শেরপুর : শেরপুরে কিশোরীকে ফুসলিয়ে অপহরণ ও ধর্ষণের মামলায় বাবুল ওরফে বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবকের ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির ভার্চুয়াল উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবুল সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ এপ্রিল সদর উপজেলার চরশেরপুর সাতানিপাড়া গ্রামের কৃষক পরিবারের কন্যা ও স্থানীয় দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী (১৩) কে ফুসলিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী চরশেরপুর পূর্বপাড়া গ্রামের বাবুল কবিরাজ। পরে তাকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে আটক রেখে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কিশোরীকে নিয়ে এলাকায় ফিরে গাঁ ঢাকা দেয় বাবুল। ওই ঘটনায় একই বছরের ২৫ সেপ্টেম্বর কিশোরীর মা বাদী হয়ে বাবুলসহ ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশের হাতে গ্রেফতার হয় বাবুল।
এদিকে কিছুদিন পর কিশোরী কন্যা সন্তানের জন্ম দেয়। ডিএনএ টেস্টেও ওই সন্তানের জৈবিক পিতা বাবুল বলে প্রমাণিত হয়। পরে ১২ নভেম্বর একমাত্র আসামী বাবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৯ সালের ২৩ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী ও ভিকটিমসহ রাষ্ট্রপক্ষের ৭ জন এবং আসামিপক্ষের দুইজন সাফাই সাক্ষীসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
এ মামলার রায়ে ৪৪ বছরের কারাদণ্ডের মধ্যে অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি শিশুর জৈবিক পিতা হিসেবে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ওই শিশুর ভরণ-পোষণের আদেশ দেন ট্রাইবুন্যাল।