
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নোট বই চেয়ে না পাওয়ায় মায়ের সাথে অভিমান করে শাপলা নামে এগারো বছর বয়সী পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাপলা গর্ভে থাকাবস্থায় তার মা রেজিয়াকে তালাক দেন বাবা ফালু। এরপর থেকে রেজিয়া অন্যের বাসায় কাজ ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। একপর্যায়ে গর্ভস্থ শাপলা ভূমিষ্ঠ হলে তাকে লালন-পালন করে একটু বড় হওয়া পর লেখাপড়ার জন্য ভর্তি করেন কাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে সে কাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছিল। রবিবার শাপলা তার মায়ের কাছে পড়াশোনার জন্য নোট বই কিনতে টাকা চায়। কিন্তু মা রেজিয়া এতে অস্বীকৃতি জানান।
এদিকে তরকারী না থাকায় শাপলাকে লবণ দিয়ে ভাত খেতে দেন তার মা রেজিয়া। এসব কারণে অভিমান করে শাপলা বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
শ্রীবরদী থানার এসআই নাজমুল জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।