
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজআপ তারকা সালমা’র নিজস্ব অর্থায়নে তার শ্বশুরবাড়ি এলাকা ময়মনসিংহের হালুয়াঘাটে ‘ইউরোপিয়ান পার্ক’ উদ্বোধন করেছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জুগলী ইউনিয়নের যাদুকুড়া গ্রামে প্রায় ৬ একর জায়গা নিয়ে নির্মিত এ পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, যুগ্মসাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। কণ্ঠশিল্পী সালমা বলেন, অনেকদিন ধরেই আমি ও আমার স্বামী এমন একটি পার্ক করার পরিকল্পনা করছিলাম। অবশেষে সেটি আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়িত হলো। বিনোদন পিয়াসীদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হলো। পার্কের আরও কিছু কাজ বাকি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেসব কাজ শেষ করা হবে।
এছাড়াও শ্বশুরবাড়ি এলাকায় নানা রকম সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন এই শিল্পী। অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য গড়ে তোলেছেন সাফিয়া ফাউন্ডেশন।