
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ট্রলারে-ট্রলারে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জেলে আহত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৎস্য বন্দর আলীপুর আৎড়ঘাটে এ ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের মাহাতাব মাতুব্বর (২৮), রকিবুল হাওলাদার (২৮), দুলাল হাওলাদার (৫০), মামুন মুসুল্লী (২৩) ও হাসান মাতুব্বর (২৪)কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত জেলেদের সূত্র থেকে জানা যায়, আলীপুরের মনিফিস নামের একটি আড়ৎ ঘাটে রাকিবের মাছ ধরার একটি ট্রলার নোঙ্গর করা ছিল। এসময় দোলোয়ার মুসুল্লির ট্রলার এসে ধাক্কা দিলে জেলেদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জেলে আহত হয়। এরমধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসায় নিয়েছে। বাকি ৫ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো: অনছার উদ্দিন মোল্লা জানান, মৎস্য আড়ৎ ঘাটে ট্রলার নোঙ্গর করাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের মাঝে এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।