
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় সাঁতার কাটতে নেমে ডুবে যাওয়া দুই কিশোরকে সাগরে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
গত মঙ্গলবার বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রে নেমে ওই দুই কিশোর জোয়ারের স্রোতের টানে ভেসে যায়। এসময় হাত উঁচু করে সাহায্য চাইলে পুলিশ বক্সে দায়িত্বরত এসআই জুয়েলসহ চার সদস্যের টিম তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পরে ওয়াটার বাইকের সাহায্যে দুই কিশোরকে তীরে নিরাপদে নিয়ে আসেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
উদ্ধারকৃত পর্যটক মোস্তাফিজুর রহমানের (১৩) বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। অপর পর্যটক বায়েজিদের (১৭) বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। তারা দু’জনই কুয়াকাটায় বেড়াতে এসেছিল।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সদা-সবসময় বদ্ধপরিকর।
তিনি জানান, জোয়ারের সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যে কোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।