
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘বারমারী সেন্ট লিও স্কুল’ এর দুই শিক্ষিকার সহযোগিতায় একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে পলাশিকুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির অপর শিক্ষার্থীর সাথে কম্বল বিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের রীতি অনুযায়ী গ্রাম প্রধান ও সমাজকে না জানিয়ে এবং মিশনের পুরোহীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা ও রেজিস্ট্রি না করে বাল্যবিয়ের এ আয়োজন করায় বিষয়টি ওই সমাজে সমালোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, বারমারী সেন্ট লিও স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আন্দারুপাড়া গ্রামের আন্দ্রেজ মারাকের অপ্রাপ্ত বয়স্ক কন্যা অনলা চিরানের সাথে পার্শ্ববর্তী কোচপাড়া গ্রামের সুন্দ্রা কোচের এসএসসি পরীক্ষার্থী ছেলে সুখন কোচের গত ১৯ সেপ্টেম্বর পারিবারিকভাবে কম্বল বিয়ের আয়োজন করা হয়। ওই বিয়েতে বারমারী সেন্ট লিও স্কুলের দুই শিক্ষিকা শেফালী মাংসাং এবং মিতালী চিরানও অংশ নেন। এছাড়াও ফ্রান্সিস চাম্বুগং নামে একজন শিক্ষকও বিয়েতে অংশ নিয়েছেন বলে জানান এলাকাবাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আদি রীতি অনুযায়ী কনের বাড়িতে ছেলেকে এনে বর-কনেকে এক ঘরে থাকতে দেওয়ার মতোই দুই কিশোর-কিশোরীকে এক ঘরে থাকতে দেওয়া হয়। বর্তমানে তারা কম্বল বিয়ে নামে ওই বিয়ের পর একসাথে বসবাস করছে।
তবে রীতি অনুযায়ী খ্রীষ্টান মিশনের পুরোহীত দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা এবং মিশনে রেজিস্ট্রি করার নিয়ম থাকলেও তা করা হয়নি। জানানো হয়নি আন্দারুপাড়া গ্রাম প্রধান রবিন রাকসাম এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজাকেও। বাল্যবিয়ে হওয়ায় এমন গোপনীয়তা বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে আন্দারুপাড়া গ্রাম প্রধান রবিন রাকসাম জানান, আমি কম্বল বিয়ের কথা শোনেছি। কিন্তু আমাকে বা চেয়ারম্যানকে জানানো হয়নি। রীতি অনুযায়ী ফাদারকে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা এবং রেজিস্ট্রিও করানো হয়নি। ওই বিয়েতে মিতালী, শেফালী ও ফ্রান্সিস নামে তিন শিক্ষক-শিক্ষিকা অংশ নিয়ে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।
এদিকে বারমারী সেন্ট লিও স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রোজী হাদিমা জানান, এ বিয়ের বিষয়ে তিনি কিছুই জানে না। তিনি আরও জানান, খোঁজ নিয়ে যদি মিতালী ও শেফালী এ দুই শিক্ষিকার সম্পৃক্ততা পান তবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তিনি তা নেবেন। এমন বিয়ে দেশের আইন এবং তাদের ধর্মীয় রীতির বাইরে বলেও জানান তিনি। তবে ফ্রান্সিস চাম্বুগং তার স্কুলের শিক্ষক নন বলে তিনি জানান।