
নালিতাবাড়ী (শেরপুর) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহতের মামলায় আসামী গ্রেফতারের পর বাদী পক্ষের লোকজন আসামীদের বসতবাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেলে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার দক্ষিণ বনকুড়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নন্নী ইউনিয়নের দক্ষিণ বনকুড়া গ্রামে গত ২৪ আগস্ট সাহেব আলী (৪০) ও শাহ আলীর (৪০) পরিবারের মাঝে তুচ্ছ বিষয়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষেই বেশ কয়েকজন আহত হয়। পরদিন ২৫ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাহেব আলী মারা যায়।
ওই ঘটনায় শাহ আলীকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। বাকি আসামীরা গ্রেফতারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকার সুযোগে বহিরাগত ও বাদী পক্ষের লোকজন মিলে আসামীদের তিন পরিবারের ৮টি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
এছাড়াও তাদের বাড়িতে থাকা ১৭টি গরু, ৫টি ছাগল, ৩শ মণ ধান, ১টি ল্যাপটপ, ২টি ফ্রিজ, ৩টি খাট, নগদ ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগী ও পুকুরের মাছসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আসামী পক্ষ দাবী করে বলেন, আমরা গত ১৫ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়ে বাড়িতে এসে দেখি প্রতিপক্ষ ভাংচুর ও লুটপাট করে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নিয়ে গেছে। ফলে বর্তমানে ৩টি পরিবারের শিশুসহ ২০ সদস্য অনাহারে-অর্ধাহারে ও ধার-দেনা করে মানবেতর জীবন কাটাচ্ছি। এখন ভিক্ষা করেও পেটের ক্ষুধা নিবারণ করতে হচ্ছে।
তারা বলেন, খুনের ঘটনায় আইন ও বিচারে যা হবে তা আমরা মেনে নেব। কিন্তু আমাদের অর্থ-সম্পদ লুটপাটের বিষয়টি মেনে নেওয়া যায় না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
শাহ আলীর কন্যা প্রত্যক্ষদর্শী সাবিনা ইয়াসমিন (১৯) বলেন, চোখের সামনে তারা আমাদের ঘরের জিনিসপত্র, গরু-ছাগল ও পুকুরের মাছ মেরে নিয়ে গেছে। আমি জানের ভয়ে কিছু বলতে পারিনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, প্রতিবেশী সিরাজুল ইসলাম, মেহের আলী, মোতাহার আলী, রমিছা বেগম ও খাদিজা বেগম জানান, লুটপাটের ঘটনা সত্য। খুনের ঘটনায় পুলিশ কয়েকজন আসামী গ্রেফতারের পর বাকীরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বাদীর পক্ষের লোকজন ও বহিরাগতরা তাদের মালামাল লুটতরাজ করেছে। বর্তমানে আমরা প্রতিবেশীরা সাধ্যমতো চাল-ডাল দিয়ে সহযোগিতা করছি।
এদিকে লুটপাটের সাথে জড়িত থাকার ঘটনা অস্বীকার করে সাইফুল ইসলাম বাচ্চু ও আহসান আলী বলেন, আসামীরা পুর্ব শত্রুতার জেরে ও মামলা থেকে বাঁচতে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।
এ ব্যাপারে নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, সাহেব আলী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আইন অনুযায়ী বিচার হবে। তবে আসামী শাহ আলীদের ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করার ঘটনাটি ন্যাক্কারজনক ও অমানবিক। আমাদের সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।