
শেরপুর : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে বড় ভাই ছানু মিয়ার বিরুদ্ধে তার আপন সহোদর ছোট ভাইকে কিল-ঘুষি মেরে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
ছোট ভাই লাল মাহমুদ ওরফে চাঁন প্রামানিক (৬২) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামে মৃত হামিদ প্রামাণিক এর ছেলে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মৃত চাঁন প্রামাণিক এর বড় মেয়ে নাসিমার স্বামী মৌলানা ইউসুফ বলেন, আমার শ্বশুরের তিন মেয়ে। সবার বিয়ে হয়েছে। তার তিন বিঘা জমি আছে। যেহেতু তার ছেলে নেই, তাই ওই জমি উপর নজর পরে বড় ভাই ছানু মিয়ার। মাঝে-মধ্যেই তিনি শ্বশুর-শ্বাশুড়ির উপর অত্যাচার করতেন। কিছুদিন আগে আমার স্ত্রীকে মারধর করে জ্যাঠা শ্বশুর। গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।
তিনি বলেন, রবিবার সকালে শ্বাশুড়ি আমাকে ফোন করে বলেন, তোমার শ্বশুরকে আমার ভাসুর ছানু, তার ছেলে ও কাজের লোকজন ধরে কিল-ঘুষি দিয়ে ও গলাটিপে ক্ষেতের আইলে মেরে ফেলেছে। পরে দ্রুত স্ত্রীকে নিয়ে শেরপুর থেকে হরিনধরা যাই। সেখানে গিয়ে দেখতে পাই, শ্বশুরকে মারধর শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গলাটিপে ধরার ফলে তিনি মৃত্যুর সময় কাপড়ে প্রশ্রাব ও মলত্যাগ করে ফেলেন। এটা স্থানীয় সবাই দেখেছে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সন্ধ্যায় ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য বাড়িতে এনেছি। দাফন শেষে রাতে থানায় অভিযোগ দেবো।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, সুরতহাল ও ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্ত হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।