
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে গর্ভধারীনি মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে সন্তান এবং পত্রবধূ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মা আনোয়ারা ও তার স্বামী আব্দুল গফুর জানান, তার তিন কন্যা ও দুই ছেলের মধ্যে সবাই বিয়ে করে সংসারী হয়েছে। কন্যা তিনজন স্বামীর বাড়ি থাকে এবং ছেলেরা নিজ বাড়িতেই থাকে। প্রায় দুই বছর আগে দুই ছেলে আফছর আলী (৩২) ও মিজানুর রহমান (২৬) মা আনোয়ারা বেগমের কাছ থেকে দুই কাঠার (১০ শতক) ভিটেমাটি লিখে নেয়। লিখে নেওয়ার কিছুদিন পর্যন্ত সব ভালো চলছিল। কিন্তু মাসে কয়েক গড়াতেই দুই ছেলে ও দুই পুত্রবধূর আচরণ পাল্টে যেতে শুরু করে। বাড়ি থেকে বের হওয়ার জন্য চাপ দিতে থাকে এবং নানা কৌশল করতে থাকে। এসব নিয়ে প্রায়ই পারিবারিক ঝগড়া লেগেই থাকত।
রবিবার সকালে বাক-বিতন্ডার একপর্যায়ে ছোট ছেলে মিজানুর ও তার স্ত্রী আসমা আনোয়রাকে মারধর শুরু করে। পরে বড় ছেলের স্ত্রী সালমাও শরিক হয়ে শাশুড়িকে মারধর করে। এসময় বড় ছেলে আফছর দাড়িয়ে এ দৃশ্য দেখলেও ফেরাতে আসেনি। মারধরের একপর্যায়ে আনোয়রা অচেতন হয়ে পড়লে তারা ছেড়ে চলে যায়।
আনোয়ারা বেগম চোখের জল ফেলে অভিযোগ করেন, জমি লিখে নেওয়ার আগ পর্যন্ত দুই ছেলে ও দুই পুত্রবধূ তাকে খুব আদর-যত্ন করতো। ছেলে ও পুত্রবধূদের ভালোবাসায় মুগ্ধ হয়ে কন্যাদের কথা না ভেবেই তিনি একমাত্র সম্বল ভিটেমাটি দুই ছেলের আবদারের মুখে লিখে দেন। জমি লিখে নেওয়ার পর থেকেই তাদের আচরণ পাল্টাতে থাকে।
এদিকে মারধরের শিকার আনোয়ারা শরীরের প্রচন্ড ব্যথা নিয়ে সোমবার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। একই দিন ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় লিখিতভাবে অভিযোগও দাখিল করেন। অভিযোগ পেয়ে পুলিশ ছোট ছেলে মিজানুরকে আটক করে থানায় নিয়ে আসার পর অনেকের সুপারিশে মন গলে গর্ভধারীনি মা আনোয়ারার। বিকেলে তিনি লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে ছেলেকে ছাড়িয়ে নেন।