রফিকুল ইসলাম, যশোর : বেনাপোল স্থলবন্দরে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের(৪৮ হাজার কেজি) ভারতীয় রং এর কেমিক্যাল জব্দ করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে আনা কেমিক্যাল বন্দরের ৯ নং শেড থেকে উদ্ধার করে বেনাপোল শাখার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র কর্মকর্তারা।
বন্দর সূত্রে জানা গেছে,গত ২২ আগস্ট ২০২১ ইং তারিখ ভারতীয় পণ্য বোঝাই তিনটি ট্রাক সে দেশের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে। বেনাপোল চেকপোস্ট প্রবেশ দ্বারে পণ্যের ডক্যুমেন্ট এর আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে গাড়ি তিনটি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট তারিক এন্টারপ্রাইজ এর তত্বাবধানে বন্দরের ৯নং শেডের পাশের খালি জায়গায় কেমিক্যাল ভর্তি ড্রামগুলি আনলোড করা হয়। এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেড এর নামে আমদানি করা ৪৮ হাজার কেজি রং এর ঐ কেমিক্যালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
এদিকে, আমদানি করা ঐ কেমিক্যাল ঘোষণা পত্র বহির্ভূত অধিক ওজন ও শুল্ক ফাঁকির গোপণ তথ্য পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র বেনাপোল শাখার কর্মকর্তারা। সূত্র মোতাবেক তারা ঐ কেমিক্যাল তল্লাশির চ্যালেঞ্জ হাতে নেয়। এনএসআই কর্মকর্তারা বেনাপোল কাস্টমস কমিশনার বরাবর তাকে ঐ কেমিক্যালের বিষয় অবহিত করেন।
২৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ কেমিক্যালগুলো কাস্টম হাউজের পরীক্ষণ ব্যতিরেকে বাংলাদেশি তিনটি ট্রাকে লোড দিয়ে বন্দর ত্যাগ করার সময় বেনাপোল কাস্টমস বিভাগের কর্মকর্তাদের সহায়তায় এনএসআই কর্মকর্তারা গাড়ি তিনটিকে ধরে ফেলে, গাড়িগুলোতে ৩১৪ টি কেমিক্যাল ভর্তির ড্রাম জব্দ করা হয়।
পরে কেমিক্যাল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বেনাপোল কাস্টম হাউজের পরীক্ষণ বিভাগে নিয়ে যাওয়া হয়। কাস্টমস পরীক্ষণ বিভাগ প্রায় ১ টন কেমিক্যাল ঘোষণা অতিরিক্ত রয়েছে বলে জানায় এবং ঘোষণা দেওয়া দেড় টন কেমিক্যাল এর কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।
কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, কেমিক্যাল ভর্তি গাড়ি তিনটি বন্দর হতে বেনাপোল কাস্টমস হাউজে নিয়ে যাওয়া হয়, বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের উপ কমিশনার অনুপম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন। পন্য চালানটি কাস্টমস হেফাজতে রয়েছে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।