
বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। কেউ বা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউ বা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৯ নং মরিচপুরান ইউনিয়নের নির্বাচনী হালচাল।
১৩টি গ্রাম নিয়ে গঠিত মরিচপুরান ইউনিয়নে ২০১৯ সালের তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৯ জন। যা বর্তমানে ১৭ হাজারের কাছাকাছি। যুগ যুগ ধরে নকলা ও হালুয়াঘাট উপজেলাঘেঁষা এ ইউনিয়নটিতে আওয়ামী লীগের সমর্থক কম হওয়ায় এখানে যেমনি আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃত্ব তৈরি হয়নি, তেমনি যোগ্য চেয়ারম্যান প্রার্থীর সংকট এখনও বিদ্যমান। যদিও গেল নির্বাচনের আগ পর্যন্ত দলীয় মনোনয়ন বা প্রতীক বরাদ্দ না থাকায় দলীয় মতাদর্শের বাইরে জনপ্রিয়তার কারণে জনপ্রতিনিধি নির্বাচিত হতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলীয় প্রতীকের ফলে নির্দিষ্ট করে আওয়ামী লীগের যোগ্য ও জনপ্রিয় প্রার্থীর এখানে চরম সংকট। যারা প্রার্থী হয়েছেন তাদের কারোরই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করার মতো নিজস্ব ভোট ব্যাংক নেই। ফলে প্রায় ডজনখানেক আওয়ামী সমর্থক চেয়ারম্যান প্রার্থী মাঠে থাকলেও ভোটারদের আগ্রহ তাদের ঘিরে কম। আবার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ব্যতীত যে উন্নয়নের ছোয়া কম লাগে সে অভিজ্ঞতার বর্ণনাও দেন ভোটাররা। ফলে জটিল ধাঁধাঁয় আটকে আছে এ ইউনিয়নে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রাপ্তি অথবা প্রদান নিয়ে।
বর্তমানে যারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইমাম হোসেন তালুকদার ফরিদ, আওয়ামী ঘরানার প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার।
এছাড়াও প্রচারে না থাকলেও শেষ পর্যন্ত ভক্তদের অনুরোধে চমক নিয়ে আসতে পারেন টঙ্গীস্থ ব্যবসায়ী মরিচপুরানের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন।
ইউনিয়নের বিভিন্ন প্রান্ত সরেজমিনে ঘুরে ভোটারদের সাথে কথা বলে দেখা গেছে, উন্নয়নের ছোয়া খুব একটা দিতে না পারলেও ব্যক্তিত্বের কারণে সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার এখনও পুরো ইউনিয়ন মিলে শেষ হিসেবে অনেক এগিয়ে। তবে দক্ষিণ অঞ্চলের মানুষ বরাবরই বঞ্চিত হওয়ায় এখন উত্তর উঞ্চলের কোন প্রার্থীকে দক্ষিণাঞ্চলের ভোটাররা জনপ্রতিনিধি হিসেবে দেখতে খুব একটা পছন্দ করছেন না।
বর্তমান চেয়ারম্যান খন্দকার শফিক নির্বাচিত হওয়ার পরপরই তার ব্যবহার, দু’হাত ভরে মানুষের পাশে থাকা এবং উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক সাড়া জাগিয়ে তোলেন। বিশেষ করে, দক্ষিণাঞ্চলের মানুষ খুবই সন্তুষ্টি প্রকাশ করতে শুরু করেন। কিন্তু শেষ সময়ে এসে শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভোটারদের সাথে দূরত্ব বেড়ে যায় তার। পাশাপাশি ব্যক্তিগত কিছু সমস্যায় তাকে বিতর্কে জড়িয়েছে। তবে এখনও দক্ষিণাঞ্চলের ভোটাররা মনে করেন, উন্নয়ন করতে তার বিকল্প নেই।
দক্ষিণ এলাকার এলাকার ভোটাররা জানান, শফিক চেয়ারম্যান শুরুতে ভালো করলেও শেষদিকে নিজের ভুলে সমস্যায় পড়েছেন। তবে আগে আমরা যে উন্নয়ন বা সুবিধা চোখেও দেখতাম না শফিক চেয়ারম্যান এর সময়ে তা বাস্তবে পেয়েছি। চেয়ারম্যান বানিয়ে যদি আমরা সুবিধাই না পাই তবে বানিয়ে লাভ কি?
এছাড়াও নতুন মুখ হিসেবে ইউনিয়ন যুবলীগের মোস্তফা কামাল মাঠ চষে বেড়িয়ে সব জায়গায় পরিচিতি লাভ করেছেন। ইতিমধ্যেই অনেকেই বলছেন, আওয়ামী লীগের প্রার্থীতা থেকে কোন কারণে শফিক না এলে তার স্থলে মোস্তফা কিছুটা সুবিধা করতে পারবেন।
অন্যদিকে নিজ এলাকায় আলোচনায় রয়েছেন সাবেক সেনা সদস্য আওয়ামী লীগ সমর্থক প্রার্থী নজরুল ইসলাম। ভোটাদের মতে, শেষ পর্যন্ত তিনি প্রার্থী হলে মরিচপুরান এলাকার সিংহভাগ ভোট তার বাক্সে জমা হবে। তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে কেন্দ্রে চেষ্টা করবেন বলে জানা গেছে। বাদশা-লেবু সমর্থনকারী প্রার্থী হিসেবেও তিনি আলোচনায় রয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় ব্যক্তি মরহুম হাফিজ উদ্দিনের ছোট ভাই। মোকছেদুর রহমান তার বড় ভাইয়ের পরিচয়ে নিজেকে তোলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান তার এলাকায় আলোচনায় রয়েছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে। তিনিও বাদশা-লেবু সমর্থক হিসেবে এলাকায় আলোচনায় রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায় উচ্চ শিক্ষিত হওয়ায় এলাকায় সম্মানী হলেও ভোটের হিসেবে পিছিয়ে। বিশেষ করে, মরিচপুরান এলাকা বিএনপি-জামায়াত অধ্যুষিত হওয়ায় সেক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বী কোন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা কিভাবে মূল্যায়ন করবেন- এ বিষয়ে সবাই সন্দিহান। সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার চেষ্টা করছেন আঞ্চলিকতা ও বংশ পরিচয় কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার।
সবমিলিয়ে আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থী সংকট এ ইউনিয়নে চরমে হলেও ভোটারদের শেষ কথা, যেহেতু সরকার আওয়ামী লীগের। আর প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন হবে। সেক্ষেত্রে দলীয় চেয়ারম্যান হলে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়। এক্ষেত্রে তারা পরীক্ষিত কাউকেউ নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান। তবে শুধু সঠিক প্রার্থী বাছাই দিয়েই শেষ নয়, দলকেও এখানকার প্রার্থীকে উঠিয়ে আনতে শ্রম দিতে হবে। অবশ্য মনোনয়ন নিশ্চিতের পর প্রার্থীর সংখ্যা কমে এলে তখন বর্তমান সময়ের হিসেবে আরও পরিবর্তন আসবে।