
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে বাড়ি থেকে তুলে পরিষদে নিয়ে রশি দিয়ে বেঁেধ মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করেছেন ৫নং গাজিরভিটা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামের দুলাল মিয়া (৭০)’র জায়গা থেকে মাটি নিয়ে রাস্তায় কাজ করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। দুলাল মিয়া তার জমি থেকে মাটি নিতে বাঁধা দেন। এ নিয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ারের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে বৃদ্ধ দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
খবর পেয়ে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় চেয়ারম্যান দেলোয়ারের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে রাতেই আহত দুলালকে হাসপাতালে দেখতে যান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, বালিচান্দা গ্রামে রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সরকারি কাজে বাঁধা দেয় সে। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলে। পরে আমার গ্রাম পুলিশ তাকে ধরে আমার গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে রশি দিয়ে বেঁেধ রাখে। পরে আমি তাকে মারধর করি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, রাতেই হালুয়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।