
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে ৭০ বছরের বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তভোগী ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের উত্তর বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ৫নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে রাজাকার পুত্র বলে আখ্যায়িত করে বৃদ্ধকে লাঞ্চিতের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার এবং ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তায় কাজ করার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের সাথে ৭০ বছরের বৃদ্ধ দুলাল মিয়ার কথার কাটাকাটি হয়। পরে ইউপি চেয়ারম্যান দেলোয়ার উত্তেজিত হয়ে দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত করেন।
আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় ওই দিন রাতেই চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি মামলা করা হয়। মামলার পর থেকেই ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই ব্যাপক নিন্দার ঝড় উঠে।