
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু গিলাগাছা দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিম ওরফে রতনের কন্যা রিসা (২)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে লোকজনের অগোচরে রিসা খেলার ছলে টিউবওয়েলে পানিভর্তি বালতির কাছে যায়। এ সময় রিসা হঠাৎ উল্টে পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে বাড়ির ও আশপাশের লোকজন রিসাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোশাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।