
এম. সুরুজ্জামান : অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোখলেস (৩২) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালু চালিত ৮টি মিনি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
সূত্র জানায়, রাজনগর ইউনিয়নের সালেহাবাদ গ্রামে বালু কতিপয় ব্যবসায়ী চেল্লাখালি নদী থেকে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ৮টি মিনি ড্রেজার ধ্বংস হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকায় মোখলেস নামে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উত্তোলিত বালু জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
এছাড়াও অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ট্রলি জব্দ করা হয়েছে।