
মনিরুল ইসলাম মনির : শেরপুরের নালিতাবাড়ী পৌর মেয়রের উদ্যোগে প্রায় দুই যুগেরও বেশি সময় পর খেলার মাঠে ফিরতে যাচ্ছে প্রাণ। যুব সমাজকে মাদকসহ অন্যান্য অপরাধমূলক ভয়াবহতার হাত থেকে রক্ষা করতে মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আশার আলো দেখছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
সূত্রমতে, ১৯৪১ সালে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তৈরি করা হয় তারাগঞ্জ খেলার মাঠটি। তখন থেকে ওই মাঠে খেলাধূলা শুরু হয়। ফুটবলার হারান বোষ এর প্রচেষ্টায় ‘হান্টার্স ক্লাব’ নামে একটি সংগঠনের মাধ্যমে তারাগঞ্জ মাঠে খেলাধূলার আসর বসতে হতে শুরু করে। ধীরে ধীরে মাঠটি স্থানীয় ক্রীড়াপ্রেমিদের বিশেষ করে ফুটবল প্রেমিদের খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে পর্যায়ক্রমে মাঠটিতে পুরোদমে জমে ওঠে ফুটবলের আসর। নব্বইয়ের দশকে গড়ে ওঠে বেশকিছু ক্রীড়া সংগঠন। বিশেষ করে, রত্ন সংঘ, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, যুব মসলিম সংঘ, অগ্রদূত সংঘ ইত্যাদি সংগঠন ছাড়াও উপজেলাজুড়ে বেশ কয়েকটি ফুটবল সংগঠনের জন্ম নেয়। প্রতিবছর তারাগঞ্জ মাঠে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফুটবল লীগ বা টূর্ণামেন্ট। নুতন প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলে তখনকার টূর্ণামেন্ট বা লীগগুলো। ফলে মাদক ও জুয়াসহ অন্যান্য অপরাধমুক্ত সমাজ বিনির্মাণেও ভূমিকা নেয় ক্রীড়া সংগঠনগুলো। হাজার হাজার দর্শক মাতিয়ে তখন চলতো ফুটবলের আসর।
কিন্তু ক্রীড়া সংগঠনগুলোর সদস্যদের বয়স বেড়ে যাওয়ায় উদ্যোম কমে আসা, পৃষ্ঠপোষকতার অভাব আর খেলার মাঠ দখল ও সংস্কারের অভাবে অনুপযোগী হওয়া- এসব কারণে নব্বই দশকের শেষদিকে হারিয়ে যেতে শুরু করে ক্রীড়াঙ্গনের যৌবন। বিংশ শতাব্দিতে এসে বলাচলে প্রায় হারিয়েই যায় ক্রীড়া ও সংস্কৃতি চর্চা। সংগঠনগুলোর নাম পর্যন্ত মুছে যায়। একটা পর্যায়ে যুবসমাজ ক্রীড়া-সংস্কৃতির কথা ভুলে মাদকসহ নানা অপরাধে জড়িয়ে যেতে শুরু করে। ফলে অপেক্ষাকৃত মাদকাসক্তের পরিমাণ ও ভয়াবহতা বেড়ে যায় পুরো নালিতাবাড়ীতে। মাঝেমধ্যে মাদকমুক্ত সমাজ গড়ার শ্লোগান নিয়ে কিছু টূর্ণামেন্ট বা ত্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলেও যেমন সে গুলো প্রাণ পায়নি, তেমনি সাড়া জাগাতে ব্যর্থ হয় নতুন প্রজন্মের কাছে। এর অন্যতম কারণ হিসেবে পৃষ্ঠপোষকতা আর খেলার মাঠের অব্যস্থাপনাকে দায়ী করেন সংশ্লিষ্টরা। উপজেলা ক্রীড়া সংস্থা কাগজে-কলমে থাকলেও বছরে সরকারীভাবে গৃহীত একটি টূর্ণামেন্ট ব্যতীত বিশেষ কোন কার্যক্রমই লক্ষ্য করা যায় না। ফলে পুরো ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়ে।
এরই মধ্যে হতাশার আঁধারে আলো জ্বালাতে এগিয়ে এসেছেন বর্তমান ও টানা দুই বারের পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। পৌরসভার পক্ষ থেকে উপজেলার প্রধান দুইটি খেলার মাঠকে উপযোগী করে গড়ে তোলতে সংস্কারের উদ্যোগ নেন তিনি। ইতিমধ্যেই গেল মাসে হিরন্ময়ী খেলার মাঠটি সংস্কার করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে উপজেলার সবচেয়ে পরিচিত ও অসংখ্য উত্তেজনাপূর্ণ ফুটবল আসরের ঐতিহ্য ও স্মৃতিবিজরিত তারাগঞ্জ মাঠ সংস্কারের কাজ। পুরো মাঠে বেলে মাটি ফেলে খানা-খন্দ পুরণ করে রুলার দিয়ে চলে সমতল করার কাজ। গত কয়েকদিন ধরে চলে এসেছে এর কর্মযজ্ঞ। শুধু সংস্কারই নয়, মাঠের ঐতিহ্য ফিরিয়ে আনতে মেয়রের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্ট’ এর। আজ শুক্রবার বিকেল থেকে শুরু হতে যাচ্ছে এ টূর্ণামেন্ট। প্রধান অতিথি হিসেবে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি মুঠোফোনে এ টূর্ণামেন্ট উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধক হিসেবে থাকার কথা রয়েছে জেলা প্রশাসক এর। টূর্ণামেন্টে মোট ২৪টি দল অংশ নিতে যাচ্ছে। মাঠ সংস্কার এবং এ টূর্ণামেন্টের মাধ্যমে হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনে আবারও প্রাণ ফিরবে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ফুটবলার রবিন জানান, তারাগঞ্জ মাঠটি দীর্ঘদিন সংস্কার না থাকায় খেলাধূলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে ধীরে ধীরে হারিয়ে যায় খেলাধূলা। পৌর মেয়র বাক্কার ভাইয়ের উদ্যোগে মাঠটি সংস্কার করে টূর্ণামেন্ট এর আয়োজন আবারও ক্রীড়াঙ্গনে যুব সমাজ সম্পৃক্ত হবে।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মুঞ্জুরুল আহসান জানান, প্রায় দুই যুগ ধরে উপজেলার প্রধান এ খেলার মাঠটি সংস্কার না থাকায় খেলাধূলার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে খেলাধূলা বন্ধ হয়ে গিয়েছিল। এখন মেয়র সাহেবের উদ্যোগে মাঠটি সংস্কার হওয়ায় ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা করছি।
কিংবদন্তি ফুটবলার অসীম দত্ত হাবলু জানান, নালিতাবাড়ীতে মোট ৩২টি খেলার মাঠ ছিল। কিন্তু সংস্কার ও উদ্যোগের অভাবে সবক’টিতে খেলাধূলা বন্ধ হয়ে গেছে। পৌর মেয়রের উদ্যোগে তারাগঞ্জ মাঠ সংস্কার ও টূর্ণামেন্ট আয়োজন অত্যন্ত শুভ বার্তা দিচ্ছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আবারও নালিতাবাড়ীর ক্রীড়াঙ্গন জেগে উঠবে। যুব সমাজ মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ থেকে মুক্ত থেকে ক্রীড়াঙ্গনে ঝুঁকে পড়বে।
তিনি যোগ করে আরও বলেন, আমি শুধুমাত্র মাইজদি মাঠ ব্যতীত দেশের সব মাঠে ফুটবল খেলেছি। সে অভিজ্ঞতায় বলতে পারি, নালিতাবাড়ীর মানুষ সবচেয়ে বেশি ফুটবল প্রেমি এবং শান্তিপ্রিয়।
পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক জানান, মাঠ সংস্কার ও পৃষ্ঠপোষকতার অভাবে সমাজ থেকে ক্রীড়া চর্চা উঠে গেছে। ফলে যুব সমাজ খেলাধূলার পরিবর্তে অবসর সময়ে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে যাচ্ছে। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ক্রীড়াঙ্গনকে আবারও সরব করার উদ্যোগ হাতে নিয়েছি। আশাকরি এর মাধ্যমে হারানো যৌবন ফিরে পাবে নালিতাবাড়ীর ক্রীড়াঙ্গন।