
নালিতাবাড়ী (শেরপুর) : ফুটবল খেলা দেখতে বিদ্যালয়ের চালে উঠতে না দেওয়ার জেরে দপ্তরির উপর হামলা ফেরাতে গিয়ে শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনের মহাসড়কে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল, যোগেন রায়, হারুন-অর-রশিদ, আবু নোমান, নেছার উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সারোয়ার আহমেদ স্বপন প্রমুখ।
উল্লেখ্য, গত ১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১’ এর উদ্বোধনী খেলা শেষে কতিপয় উশৃঙ্খল যুবক খেলা দেখতে বিদ্যালয়ের চালে উঠতে না দেওয়ার ঘটনায় দপ্তরী আকাব্বর আলীর উপর অতর্কিতে হামলা করে। এসময় ফেরাতে এলে মাধ্যমিক শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন এর উপর হামলা করে যুবকরা। বিদ্যালয়ের দপ্তরী আকাব্বর ও শিক্ষক খোকন গুরুতর আহত হলে প্রথমে তাদের নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।