
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকেল সাড় পাঁচটার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন (৫০) গৃহপালিত মুরগী খুঁজতে বেড়িয়ে প্রতিবেশী মতলেবের বাড়ি যান। মতলেবের বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বৃষ্টির পানি থাকায় ঘরের পাশ ঘেঁষে যাওয়ার জন্য সখিনা টিনের বেড়া ধরেন। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সখিনা মাটিতে লুটিয়ে পড়েন। সখিনার লুটিয়ে পড়া দেখে অপর প্রতিবেশী আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫) তাকে উদ্ধার করতে যান। সখিনাকে স্পর্শ করা মাত্র নুরুন্নাহারও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
এদিকে দু’জনকে বিদ্যুতায়িত হতে দেখে বাড়ির অন্যরা টের পেয়ে দ্রুত তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।