
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে জহির উদ্দীন ওরফে জহর (৭৩) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে।
গত রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া গ্রাম সংলগ্ন সোমেশ্বরী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরদিন সোমবার নদীতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সোমেশ্বরী নদীর ওপাড়ে ধান ক্ষেত পাহারা দিতে যায় জহির উদ্দীন। রাতে তার পরিবারের লোকজন খাবার দিয়ে চলে আসে। পরে সোমবার সকালে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন জহির উদ্দীনকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদীতে তার গামছা ও খাবারের থালা-বাটি পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসীর ধারণা, নদী পার হয়ে বাড়ি ফেরার সময় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেছে জহির।
জহিরের ভাই মহসিন আলী বলেন, ধান ক্ষেত পাহারা দিতে রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি জহির। নদীতে গামছা ও থালা-বাটি পাওয়া গেছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, কৃষক নিখোঁজের খবর পেয়েছি। এলাকায় মাইকিং করা হচ্ছে।