
বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। কেউ বা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউ বা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ১০ নং যোগানিয়া ইউনিয়নের নির্বাচনী হালচাল।
২২টি গ্রাম নিয়ে গঠিত নালিতাবাড়ী উপজেলার আলোচিত-সমালোচিত ১০নং ইউনিয়ন পরিষদ যোগানিয়া। ২০১৯ সালের তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৩২ জন। তবে বর্তমানে তা বেড়ে প্রায় ১৮ হাজারের কাছাকাছি বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তার কার্যালয়। অতীত থেকে যোগাযোগ ব্যবস্থাসহ অনেক সুযোগ-সুবিধা বঞ্চিত এ ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি বলে এখনও পরিচিত।
আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯ জনের মতো। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, শহর যুব লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, সাবেক চেয়ারম্যান আনসার আলী, বর্তমান কারান্তরীণ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, উপজেলা যুবলীগের সদস্য ছায়েদুর রহমান বাবলু, আওয়ামী লীগ সমর্থক অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান ও মর্তুজ আলী মানিক।
এরমধ্যে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক নির্বাচনে না আসার সম্ভাবনাই বেশি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি বাথুয়ারকান্দা এবং অথনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের হওয়ায় গ্রামে তার প্রভাব এবং সুনাম রয়েছে। বিশেষ করে- বাথুয়ারকান্দা, গড়াকুড়া, ঘোড়ামারা ও কুত্তামারা নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে বর্তমানে তার সমর্থকের সংখ্যা বেশি। বিএনপি নেতা আব্দুর রাজ্জাক নির্বাচনে এলে একই এলাকার হওয়ায় এখানে প্রায় হাড্ডাহাড্ডি অবস্থান এ দু’জনের মধ্যে হওয়ার কথা বলে জানিয়েছেন ভোটাররা। আর আব্দুর রাজ্জাক নির্বাচনে না এলে শতকরা প্রায় ৮০ ভাগ ভোট লতিফের বাক্সে জমা পড়বে বলেও জানান তারা।
তবে সে তুলনায় ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে তাকে ঘিরে আগ্রহ এখনও কম। রাজনীতির সাথে সবসময় সম্পৃক্ত থাকলেও তা নির্বাচন ও জনগণ কেন্দ্রিক না হওয়ায় বলাচলে সবসময় তিনি জনগণ থেকে দূরেই থেকেছেন। এসব কারণে তাকে ঘিরে আগ্রহ কম ভোটারদের। তবে ভোটারদের দাবী, আব্দুল লতিফ কারও উপকার না করলেও কোনদিন কারও ক্ষতি করেননি। তিনি একজন ভদ্র মানুষ। সে হিসেবে নৌকা প্রতীক নিয়ে মাঠে এলে তিনি হবেন শক্তিশালী প্রার্থী।
অন্যদিকে ২নং ওয়ার্ডে তুলনামূলকভাবে সমর্থক কম থাকলেও ইউনিয়নের অধিকাংশ গ্রাম বা ওয়ার্ডে সবচেয়ে বেশি সমর্থক পাওয়া যায় উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম তারার।
জনশ্রুতি আছে, গেল নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে তাকিজুল ইসলাম তারার সমর্থনে ভোটের ব্যাপক জোয়ার থাকলেও বর্তমান কারান্তরীণ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি প্রভাব খাটিয়ে বিজয়ী হয়েছেন। মাঝখানে একটু বিরতি পড়লেও বর্তমানে আবারও তাকিজুল ইসলাম তারার সমর্থন বেশি শোনা যাচ্ছে।
ভোটাররা এও মনে করেন, যেহেতু তাকিজুল ইসলাম তারা এবারও দলীয় প্রতীক না চেয়ে স্বতন্ত্র প্রতীক নিয়ে মাঠে লড়বেন বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় প্রার্থী যিনিই হবেন তাকিজুল ইসলাম তারার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে হবে। ঘাম ঝড়াতে হবে ভোটের লড়াইয়ে।
অপর প্রার্থী শরিফুজ্জামান সেতু তার মেঝো সহোদর ভাই প্রয়াত মনিরুজ্জামান সোহাগের ছোট ভাই হিসেবে নিজেকে তোলে ধরে ভোটারদের অনুগ্রহ আদায়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকটা সফলও হয়েছেন তিনি। বর্তমানে পুরো ইউনিয়নের গড় হিসেবে যদি তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বি মনে করা হয় তার মধ্যে শরিফুজ্জামান সেতুর নামও রয়েছে।
উপরন্তু ২নং ওয়ার্ড ব্যতীত অন্যান্য প্রায় সব স্থানে তাকিজুল ইসলাম তারা এবং শরিফুজ্জামান সেতু এ দুই জনের সমর্থক বেশি লক্ষ্য করা যায়।
এক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে তাকিজুল ইসলাম তারা এবং দলীয় প্রার্থী হিসেবে সেতু এলে যেমনি লড়াই হবে তুমুল। তেমনি দলীয় প্রতীক আব্দুল লতিফ পেলে প্রতীকের কারণে লতিফ এগিয়ে আসবেন এবং সঙ্গত কারণেই সেতুকে সড়ে দাড়াতে হবে। সেক্ষেত্রে লতিফ এবং তারার মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে ‘শেয়ানে শেয়ানে টক্কর’।
এছাড়াও সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনসার আলীর সমর্থন এখনও ভালো থাকলেও ব্যক্তিগত ও পারিবারিক কারণে তার প্রার্থীতা নিয়ে ভোটারদের মাঝে সন্দেহ রয়েছে।
কারান্তরীণ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি কারাগার থেকে নির্বাচনে অংশ নেবেন বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হলেও আগ্নেয়াস্ত্র ও খুনের মামলাসহ নানা বিতর্কের কারণে তার অবস্থান এখন ভোটার পর্যায়ে অত্যন্ত দূর্বল।
অন্য প্রার্থীদের কিছু প্রচারণা চোখে পড়লেও তা উল্লেখযোগ্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট নয় বলে জানান ভোটাররা।
সবমিলিয়ে যোগানিয়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে লড়াই হতে যাচ্ছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বনাম স্বতন্ত্র ও বিদ্রোহী তাকিজুল ইসলাম তারার মাঝে- বিষয়টি অনেকটা নিশ্চিত এবং স্পষ্ট। গত ইউপি নির্বাচনে তাকিজুল ইসলাম তারা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় তাকে এবারও বিদ্রোহী হিসেবে মাঠে থাকতে হচ্ছে, এটা প্রার্থী নিজেও অনেকটা মেনে নিয়েই মাঠে নেমেছেন। দল মনোনয়ন দিলে তিনি দলের সাথে থাকবেন অন্যথায় ব্যক্তি ইমেজে মাঠে লড়ে বিজয়ী হতে তিনি মরিয়া।