
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও মানব বন্ধন করেছে ওই বিদ্যালয় এবং নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৬ অক্টোবর) বেলা এগারোটায় শহরের প্রধান সড়কে মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ইরাম এর সঞ্চালনায় মানব বন্ধনে শিক্ষকের উপর হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বক্তব্য রাখেন- শিক্ষার্থী আবু সেলিম, মানিক মিয়া, ইবনে সোবহান, তালহা, সনি প্রমুখ।
উল্লেখ্য, গত ১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১’ এর উদ্বোধনী খেলা শেষে কতিপয় উশৃঙ্খল যুবক খেলা দেখতে বিদ্যালয়ের চালে উঠতে না দেওয়ার ঘটনায় দপ্তরী আকাব্বর আলীর উপর অতর্কিতে হামলা করে। এসময় ফেরাতে এলে মাধ্যমিক শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন এর উপর হামলা করে যুবকরা। বিদ্যালয়ের দপ্তরী আকাব্বর ও শিক্ষক খোকন গুরুতর আহত হলে প্রথমে তাদের নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।