
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বেতনের টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইকারীদের উপুর্যপুরী হামলায় গুরুতর আহত হয়েছে রনি হাওলাদার (২৫) নামের এক আনসার সদস্য।
মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে লতাচপলী ইউনিয়নের আমখোলাপাড়া এলাকায় এ দুধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রনি হাওলাদারকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কলাপাড়া হাসপাতালে প্রেরণ করেন। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়।
রনি লতাচাপলী ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে কর্মরত আনসার সদস্য এবং সে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দীপপাশা গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও তার সহকর্মীদের সূত্র থেকে জানা যায়, রনি রাত আটটার দিকে কুয়াকাটার একটি এটিম বুথ থেকে বেতনের টাকা তুলে ভ্যানযোগে সাবমেরিন ক্যাবেল ল্যান্ডিং স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে আমখোলাপাড়া এলাকায় পৌছলে সড়ক খারাপ হওয়ায় তিনি ভ্যান থেকে নেমে মোবাইলে কথা বলতে বলতে পায়ে হেটে যাচ্ছিলেন।
এসময় অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা এক যুবক তার মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলে চার যুবক ছিল বলে জানা গেছে। পরে তিনি তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তার গলায় ও বুকে ছুড়ি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এতে তার গলার ডান অংশ এবং বুকের বাম পাজড়ে মারাত্মক জখম হয়। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে জানায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে।
মহিপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, আনসার সদস্যের উপর ছিনতাইকারীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং হামলাকারীদের শনাক্তপূর্বক গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।