
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমি জবর দখল, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত ২ অক্টোবর উপজেলার উত্তর ভারুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- আজগর আলীর ছেলে তোতা মিয়া (৩৮), আব্দুল কুদ্দুছ (৬৫) ও আব্দুল কুদ্দুছের স্ত্রী নূরভানু (৫৫)। এ ব্যাপারে সুরুজ মিয়া(৩৬) বাদী হয়ে ১২ জনকে আসামী করে গত ৪ অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ভারুয়া মৌজার আর.ও.আর খতিয়ান নং-১০৮/১১৪, আর.ও.আর দাগ নং-৩৭০, বি.আর.এস খতিয়ান নং-১৬২, দাগ নং-১১৮১ এর জমির পরিমাণ দুই একর ৯০ শতক। এ জমি ১৯৮৬ সালে জনৈক হিরা খাতুন, নছিমন, মাহমুদা ও মাহবুবের নিকট থেকে রেজিস্ট্রি দলিল মূলে আজগর আলী ও তার স্ত্রী শুক্কুরজান বিবির নামে এক একর, কুদ্দুস আলী গংদের নামে এক একর, আজগর আলীর নামে ৪০ শতক এবং আব্দুল আজিজের নামে ৫০ শতক জমি ক্রয় করেন। এরপর থেকে জমি ক্রয়কারীরা উক্ত জমি ভোগদখল করে আসছেন।
ইতিপূর্বে কদর আলী ১৯৬৪ ও ১৯৭২ সালে আর.ও.আর মূলে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ৫২ শতক জমি নছিমন নেছার কাছে রেজিস্ট্রী মূলে বিক্রি করে দেন।
কিন্তু জনৈক সোহরাব আলী কদর আলীর কাছ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৯৮৫ সালে আর.ও.আর মূলে ওই জমি থেকে ৩৫ শতক জমি ক্রয় করেন। অথচ ওই জমিতে কদর আলীর আর কোন অংশ অবশিষ্ট ছিল না। সোহরাব আলী তার এ অবৈধ দলিল মূলে প্রায় ১২-১৪ বছর ধরে ওই জমি বেদখলের জন্য একাধিকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
ঘটনার দিন ও সময়ে আব্দুল কুদ্দুস গং তাদের জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেয়। তখন পরিকল্পিতভাবে সোহরাব আলী গং সশস্ত্র অবস্থায় রামদা, লোহার রড়, লাটি-সোটা ও ফালা নিয়ে আকস্মিক আক্রমণ চালিয়ে তোতা মিয়ার পায়ের রগ কাটে, হাত ভাঙ্গে ও মাথায় ও পিঠে দা দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়াও আব্দুল কুদ্দুছের হাত ভেঙ্গে যায় এবং মাথায় জখম হয় এ হামলায়। কুদ্দুছের স্ত্রী নূর ভানুর মাথায় কুপিয়ে জখম করা হয়। একই সাথে সোহরাব আলী গং তোতা মিয়ার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে আহতরা ঝিনাইগাতি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও পর্যন্ত সকল আসামীরা অধরা।
অপরদিকে জামিনে আসা আসামী ও তার আত্মীয়-স্বজন বাদী পক্ষের লোকজনকে মামলা তুলে নিতে ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ফলে বাদীসহ তার আত্মীয়-স্বজন নিরাপত্তাহীনতায় ভোগছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ১২ আসামীর মধ্যে ৭ আসামী জামিনে আছেন। অন্য আসামীরা পলাতক থাকায় গ্রেফতার সম্ভব হচ্ছে না। অভিযান অব্যাহত আছে।