
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মেয়ের জামাইয়ের দায়ের আঘাতে শাশুড়ি জোছনা রানী শীল (৬০) নিহত হয়েছেন। এসময় স্ত্রী ইতি শীলও গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এদিকে শাশুড়িকে হত্যার পর অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী। সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীল এর পুত্র।
স্থানীয়রা জানায়, সুজিত শীল গত ৮ মাস যাবত শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে অবস্থান করছিল। সে বিভিন্ন সময় নেশা করে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে ঝগড়া করতো। ঘটনার দিন ভোরে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে সে নিজেই নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার পরই আমরা সুজিত শীলকে আমাদের হেফাজতে নিয়ে আসি। বর্তমানে সে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।