
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): পর্যটন বর্ষ উপলক্ষে ‘দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে পর্যটন সেবা কেন্দ্র এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ অক্টোরব) বেলা ১১টায় নবনির্মিত এ পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া ও শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন- শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদির হাসান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীনসহ জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।
জানা গেছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাস্তবায়নে ও জেলা প্রশাসন শেরপুরের পরিচালনায় সেবার মান বৃদ্ধিকল্পে ওই ভবনে ওয়াশ রুম, ড্রেস চেঞ্জসহ পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন কক্ষ নির্মাণ করা হয়েছে।