
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের দরিদ্র অসহায় প্রতিবন্ধি পরিবারকে বাড়ি উপহার দিলেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন শাইলা সাবরিন।
গত বছরের ৫ নভেম্বর ফুলবাড়ী উপজেলার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের প্রতিবন্ধি কানাই রায়ের পরিবারকে নিয়ে “হামার খবর কেউ রাখে না” শিরোনামে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি মানবিক স্ট্যাটাস দিলে তা ছড়িয়ে পড়ে। বিষয়টি পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রি এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাইলা সাবরিনের নজরে আসে।
সে সময় তিনি ওই প্রতিবেদকের মাধ্যমে সেই পরিবারটির সাথে যোগযোগ করে তাদের দেখতে আসেন এবং ওই নিজস্ব তহবিল থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন। পরে তিনি একটি বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় তিন লাখ টাকা ব্যয়ে অসহায় পরিবারটিকে একটি পাকা টিনশেড বাড়ি নির্মাণ করে দেন।
শনিবার সকাল ১০টায় পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে সেই নির্মিত বাড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে অসহায় পরিবারের কাছে হস্তান্তর করেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক লায়ন শাইলা সাবরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এসময় আইটি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাইলা সাবরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল। বাড়ি পেয়ে আনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন কানাই রায়।
এসময় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলমসহ স্থানয়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।