
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অপহরণের দেড় মাস অতিবাহিত হওয়ার পরও স্কুলছাত্রী জান্নাতি আক্তার উদ্ধার না হওয়ায় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা মশিউর রহমান। এসময় অপহৃত জান্নাতির মা রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মশিউর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগস্ট সকাল সাড়ে আটটায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। এ ঘটনায় পরদিন ২৩ আগস্ট আমি কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করি। ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বিকে প্রধান আসামী করে ৭ জনের নামে অপহরণ মামলা দায়ের করি। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামী রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। এক মাস ৫ দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরাসহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরণের এক মাস ১৭ দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে জান্নাতী।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এসআই জাকির বলেন, মামলা দায়েরের পর এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধারসহ এজাহারভুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।