
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া গ্রামের অসহায় নারী নাসিমা সুলতানার ৯ শতাংশ জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে বলে অভিযোগ ওঠেছে। একই গ্রামের মৃত মমিজল হকের পুত্র আব্দুর রহমান, সাইদুল ইসলাম, আবেদ আলী, আজিজর রহমান গংরা এ পায়তারা করছে বলে জানা গেছে।
জানা যায়, বনগাঁও পূর্বপাড়া মৌজার ৯ শতাংশ জমি ক্রয় সূত্রে অসহায় মহিলা নাসিমা সুলতানা দীর্ঘ ২০ বছর যাবত ভোগদখল করে আসছেন। গত ১৫ সেপ্টেম্বর ওই জমি জোরপূর্বক দখল নেওয়ার জন্য ওই গ্রামের মমিজল হকের পুত্র আব্দুর রহমান, সাইদুল ইসলাম, আবেদ আলী, আজিজর রহমান গংরা জমিতে প্রবেশ করলে নাসিমা সুলতানা বাধা দেন। এ কারণে জমির মালিক নাসিমা সুলতানাকে বেধরক মারধর ও টানা-হেচড়া করে আব্দুর রহমান গং এর লোকেরা।
নাসিমা সুলতানা জানান, প্রায় ২০ বছর আগে তার পিতা ওই জমি আব্দুর রহমান এর পিতা মমিজল এর কাছ থেকে সাফ-কাবলা ক্রয় করে কাঠ গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন। বেশ কিছু দিন আগে আব্দুর রহমানের পিতা মমিজল হক মারা যান। মারা যাওয়ার বেশ কিছুদিন পর আব্দুর রহমান ওই জমি বেদখল করার পায়তারা শুরু করে। নাসিমা সুলতানার কাগজপত্র থাকা সত্ত্বেও আব্দুর রহমানের পিতা ওই জমি বিক্রি করেছে বলে আব্দুর রহমান অস্বীকার করে।
এমতাবস্থায় অসহায় এ নারী বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু আব্দুর রহমান গংরা শক্তিশালী হওয়ায় কেউ তাদের বিচার করছে না।