
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ১১০পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার তাতিহাটি পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াবা ব্যবসায়ী হারুন অর রশিদ (৪০) এবং পুরান শ্রীবরদী এলাকার মফিজল হকের ছেলে গাঁজা ব্যবসায়ী শুকুর আলী (৩২) কে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক এনামুল হক, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, জসীম উদ্দিন, সহকারি উপ-পরিদর্শক আবু সুফিয়ান তরফদার, সিপাই সাব্বির আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাতিহাটি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১১০ পিস ইয়াবাসহ হাতেনাতে হারুন অর রশিদকে আটক করা হয়। পরে পুরান শ্রীবরদী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ শুকুর আলীকে হাতেনাতে আটক করা হয়।
জলা মাদকদ্র্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। আটককৃতদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।