
বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র রয়েছেন। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। কেউ বা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউ বা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ১১ নং বাঘবেড় ইউনিয়নের নির্বাচনী হালচাল।
২২.৮৭ বর্গকিলোমিটার আয়তন, ১১টি গ্রাম ও ৪টি মৌজা নিয়ে গঠিত উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়ন। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১শ। যা বর্তমানে প্রায় সাড়ে ১৬ হাজারের মতো। একটি সাব-কেন্দ্রসহ মোট ভোটেকেন্দ্রের সংখ্যা ১০টি। ভৌগলিক দিক থেকে বলাচলে ইউনিয়নটি তিন ভাগে বিভক্ত। শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের দক্ষিণ অংশে রানীগাঁও ও সন্নাসীভিটা নিয়ে একটি উল্লেখযোগ্য অংশ। একই রাস্তার উত্তর পাশে রানীগাঁও এর অপরাংশ, কালিনগর, বাঘবেড়, বাঘবেড় বালুরচর এসব মিলে মধ্যম অংশ। বাঘবেড় বাজারের উত্তরাংশে বাঘবেড় এর ময়মনসিংহপাড়া, টাকিমারী, উন্তা বাঘবেড়, বাঘবেড় খড়িয়াপাড়া, বাঘবেড় আখড়াপাড়া, জাঙ্গালিয়াকান্দা ও শিমুলতলা এসব মিলে আরেকটি উল্লেখযোগ অংশ বিদ্যমান। যা নাকুগাঁও-নালিতাবাড়ী মহাসড়ক ছুয়েছে।
সবক’টি নির্বাচনেই প্রার্থীভেদে আঞ্চলিকতা তৈরি হয়। কোন প্রার্থীরই পুরো ইউনিয়নে স্বাভাবিক ভোট থাকে না। একটি অংশে উল্লেখযোগ্য ভোট নিয়ে অপরাংশে যৎসামান্য হলেও সবমিলিয়ে যিনি বেশি ভোট প্রাপ্ত হন তিনিই নির্বাচিত হন। ফলে নির্বাচিত চেয়ারম্যান এর নিজস্ব অঞ্চল ছাড়া অন্য অঞ্চলের ভোটারেরা বরাবরই সুযোগ-সুবিধা অনেকটা বঞ্চিত হন। এ পর্যন্ত বেশিরভাগ সময় দক্ষিণ অংশের এলাকা থেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। উত্তরাংশে জোট বাঁধলেও শেষ পর্যন্ত দক্ষিণাংশের কাছে হেরে যান তারা। এসব কারণে কোন সময়ই কাঙ্খিত জনপ্রতিনিধির দেখা মিলে না ইউনিয়নটির উত্তরে থাকা ভোটারদের।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই দশের অধিক প্রার্থী বিভিন্ন সময় প্রচারণা চালিয়ে আসছেন। এরমধ্যে শেষ পর্যন্ত স্বল্প সংখ্যক প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বিন্দ্বিতা করবেন- এমনটাই ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত যারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আব্দুুস সবুর, সাবেক চেয়ারম্যান নূর ইসলাম, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি প্রভাষক মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াহাব, নাজমুল স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা ইমরান আহমেদ লাল মিয়া, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান রিয়াদ ও আওয়ামী ঘরানার প্রার্থী আতাউর রহমান।
উল্লেখিত ১০ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত তিনের অধিক প্রার্থী মাঠে দেখা যাবে না- এমনটি প্রায় নিশ্চিত করেই বলা যায়। মূলত আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রাপ্তির উপর ভিত্তি করে প্রার্থী কে হবেন এবং প্রার্থীর সংখ্যা কতো হবে তা নির্ভর করছে। এরমধ্যে দলীয় মনোনয় আব্দুস সবুর পেলে তার সাথে হাফিজুর রহমান খোকন স্বতন্ত্র এবং হাসানুজ্জামান রিয়াদ স্বতন্ত্র হিসেবে মাঠে থাকবেন বলে ভোটাররা অনেকটা নিশ্চিত। সেক্ষেত্রে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অন্যরা পিছিয়ে যাবেন। তবে বর্তমান চেয়ারম্যান পুনরায় মনোনয়ন পেলে ভৌগলিকতার কারণে নির্বাচনী ছকে সাবেক চেয়ারম্যান নূর ইসলামও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা চারে যেতে পারে।
অন্যদিকে প্রভাষক মতিউর রহমান দলীয় মনোনয়ন পেলে শুধুমাত্র হাফিজুর রহমান খোকন এবং হাসানুজ্জামান রিয়াদ এ তিন প্রার্থী মাঠে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও কেউ কেউ বলছেন, আতাউর রহমানও শেষ পর্যন্ত প্রার্থী থাকতে পারেন। তবে এ বিষয়ে জোড়ালো কোন যুক্তি পাওয়া যায়নি। হাফিজুর রহমান খোকন যদি দলীয় মনোনয়ন পেয়ে যান সেক্ষেত্রে প্রার্থী দুইয়ের অধিক হওয়ার সম্ভাবনা কম। হতে পারে যে কোন কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে চেষ্টা করবেন। মাঠঘুরে এমনসব তথ্যই উঠে এসেছে।
সরেজমিনে ভোটারদের কথা বলে দেখা গেছে, নানা কারণেই তিক্ত অভিজ্ঞতা থেকে অধিকাংশ ভোটার এখন পরিবর্তনের স্বপ্ন দেখেন। নতুন প্রার্থী তাদের পছন্দ। এ পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন। এলাকাভেদে শেষ সময়ে এসে সে তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মতিউর রহমান। নিজ এলাকায় সাবেক ছাত্রনেতা ইমরান আহমেদ লাল মিয়া ভদ্র, সরল ও সামাজিক একজন তরুণ হিসেবে পরিচিতি হলেও এলাকার বাইরে পেশাগত কারণে অবস্থান করায় তাকে নিয়ে বিশেষ আলোচনা নেই। তবে তিনি মাঠে লেগে থাকলে ভালো করতেন- এমনটাও মতামত দিয়েছেন ভোটারেরা। লাল মিয়া ইতিমধ্যেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসমূহে নিভৃতে সহযোগিতা করে কিছুটা পরিচিতিও পেয়েছেন।
হাফিজুর রহমান খোকন বলাচলে পুরো ইউনিয়নেই সামাজিক প্রতিষ্ঠানসমূহে উল্লেখযোগ্য সহযোগিতা করে সেসব সমাজের ভোটারদের হৃদয়ে জায়গা পেয়েছেন। সুষ্ঠু ভোট নিয়ে ভোটারদের আশঙ্কা থাকলেও খোকনের বিজয় নিয়ে খোদ ভোটাররাই ব্যাপক আশাবাদী।
বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুরকে ঘিরে চাপা সমালোচনা রয়েছে। তবে প্রকাশ্যে সহজে কেউ মুখ খুলছেন না। আব্দুস সবুরের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থান সুদৃঢ় হওয়ায় তাকেও শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবেই দেখছেন ভোটারেরা। তিনি দলীয় প্রতীক পেলে শেষ পর্যন্ত সবুর-খোকনের মধ্যে তুমুল লড়াই হবে।
তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে প্রভাষক মতিউর রহমান ইউনিয়নের দক্ষিণাংশে অনেকটা ঐক্যমতে নিয়ে এসেছেন ভোটারদের। বরাবরই দক্ষিণ বা এর কাছাকাছি এলাকা থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মতিউর রহমান ও তার সমর্থকরা মনে করেন, দলীয় প্রতীক মতিউরকে দেওয়া হলে পুরনোর পরিবর্তে নবীন হিসেবে ভোটাররা তাকেই লুফে নেবেন।
অন্যদিকে সাবেক চেয়ারম্যান নূর ইসলাম এর গ্রহণযোগ্যতা এখনও ভোটারদের কাছে রয়েছে। তবে রাজনৈতিক ও শারিরিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেন কি না তা নিয়ে এখনও ভোটাররা সন্দিহান।
আব্দুল ওয়াহাবকে নিয়ে ভোটারদের মাঝে আলোচনা থাকলেও দলীয় মনোনয়নের ক্ষেত্রে তিনি কতটুকু সফল হবেন তা যথেষ্ট বিবেচ্য।
হাসানুজ্জামান রিয়াদ গেল নির্বাচনে একচ্ছত্র জনপ্রিয়তা নিয়ে মাঠে থাকলেও নির্বাচন প্রভাবিত করার ফলে ওইবার তিনি ধরাশায়ী হন। বর্তমানে তাকে ঘিরে গেল নির্বাচনের তুলনায় ভোটারদের আগ্রহ কিছুটা কম। মোস্তাক আহমেদ প্রথমদিক থেকেই প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
সবমিলিয়ে খোকন ব্যতীত অন্য যে কেউ দলীয় প্রতীক নৌকা পেলে খোকনকে ডিঙিয়েই বৈ-তরণী পার হতে হবে, এতে কোন সন্দেহ নেই। বর্তমান প্রেক্ষাপটে খোকন যে কোন প্রার্থীর জন্য দুঃশ্চিন্তার বিষয়।