1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জুয়া খেলা বন্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ঢাকার অভিজাত ১৩টি ক্লাবসহ সারা দেশে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

রায়ে জুয়া খেলা নিয়ে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে যে বিধি-নিষেধ আলোচিত হয়েছে, তা রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরা আল মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াত তুলে ধরা হয়েছে। তবে টাকা ছাড়া শুধু বিনোদনের উদ্দেশ্যে খেলা যাবে বলে রায়ে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রায় প্রদানকারী বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের স্বাক্ষরের পর ২৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান। যদিও ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সদস্যরা চিত্র-বিনোদনের উদ্দেশ্যে এই খেলা খেলেন। তাদের সদস্যদের পর্যাপ্ত পরিমাণ আর্থিক সচ্ছ্বলতা থাকলেও তারা সমাজের দরিদ্র শ্রেণি থেকে ভিন্ন হিসেবে চিহ্নিত হতে পারে না বলে রায়ে বলা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার অভিজাত ১৩টি ক্লাবসহ সারা দেশে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

বন্ধের নির্দেশ দেয়া ১৩টি ক্লাব হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

এর আগে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামিউল হক ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মো. ফারুক জনস্বার্থে এ রিট করেছিলেন।

রিটের শুনানি করে ২০১৬ সালের ৪ ডিসেম্বর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত জুয়া খেলা বন্ধে রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com