1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ লাল কার্ড, কাল ব্যঙ্গ চিত্র প্রদর্শনী শিক্ষার্থীদের

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ঢাকা: সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামীকাল রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ব্যঙ্গ চিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল কর্নারে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি পালন করে। এরপর ব্যঙ্গচিত্র কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনের নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া।

তিনি বলেন, ‘অনেকে নানাভাবে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের দাবিতে অটল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

এসময় একরামুন্নেসা হাইস্কুল, খিলগাঁও মডেল হাইস্কুল, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নেয়।

তবে অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করেনি। তারা সড়কের এক পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে।

১১ দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিনেও রামপুরায় সড়কে অবস্থান নেয় তারা। বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল কর্নারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

সোহাগী সামিয়া বলে, ‘এইচএসসি পরীক্ষা চলছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেটি আমরা লক্ষ্য রাখছি। সে অনুযায়ী আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এদিকে রামপুরায় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। দায়িত্বরত এক পুলিশ জানান, আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন।

পরে রামপুরায় মাঈনুদ্দিন নামের এক শিক্ষার্থী অনাবিল পরিবহন বাসের চাপায় নিহত হন। তার পর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

এদিকে ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার রোববার দুপুর ১২টায় শাহবাগ থেকে প্রতীকী লাশের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com