
আন্তর্জাতিক ডেস্ক : চীনের সহযোগিতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে সৌদি আরব। বৃহস্পতিবার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
অতীতে চীনের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনতো সৌদি আরব। তবে স্যাটেলাইটে পাওয়া ছবিতে বিশ্লেষণে দেখা গেছে, অন্তত একটি জায়গায় সৌদি আরব ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে।
সৌদি আরবের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই অঞ্চলে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্খার লাগাম টানতে বাইডেন প্রশাসন যে চেষ্টা চালিয়েছে তা ব্যাহত করবে।
সম্প্রতি বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির বিপুল পরিমাণ স্পর্শকাতর প্রযুক্তি সৌদি আরবে গেছে।
চীন বিষয়টি সরাসরি স্বীকার না করলেও পরোক্ষভাবে স্বীকার করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনের কাছে পাঠানো বিবৃতিতে বলেছেন, দুই দেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদার’ এবং ‘সামরিক বাণিজ্যের ক্ষেত্রসহ সবক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রেখেছে। এই ধরনের সহযোগিতা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার সম্পৃক্ত নয়।’