
বাংলার কাগজ ডেস্ক : এখন থেকে ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দকৃত অর্থের ২০ থেকে ২৫ শতাংশ কমাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে ব্যাংকগুলোকেও এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যয় কমাতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সর্বোচ্চ যত্নবান হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিষ্ঠানের বরাদ্দ করা অর্থের ন্যূনতম ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে এবং এ খাতে বরাদ্দকৃত অর্থ অন্য কোনো খাতে নেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।
ব্যাংকগুলোর জন্য নির্দেশনায় বলা হয়, ব্যাংকগুলোকে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস, লুব্রিকেন্ট বাবদ বরাদ্দ করা অর্থের ১০ শতাংশ খরচ কমাতে হবে। আর আগামী বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কমাতে হবে আরও ১০ শতাংশ খরচ। এতে জ্বালানি বাবদ আগামী এক বছরে ব্যাংকগুলোকে ২০ শতাংশ খরচ কমাতে হবে।