শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সিংগাবরুনা গ্রামে। এ ঘটনায় আহতদের মধ্যে আদর আলীর ছেলে আক্রাম হোসেন (৩৫), বাহাদুর (৪০), আনিছুর রহমান (৩০), হাফেজ মো, আব্দুল কারিম (৩৭)। আহতদের পরিবারে আতংক বিরাজ করছে।
জানা যায়, সিংগাবরনা গ্রামে আদর আলীর সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে তার জ্যাঠাতো ভাই আব্দুর রশিদ খোকার (৬৫) বিরোধ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পরিকল্পিতভাবে খোকার লোকজন লাঠি-সোঠা নিয়ে আদর আলীর লোকজনের ওপর হামলা করে। এ সময় পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহত আক্রাম হোসেন বলেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমিসহ আমাদের ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় আমি ও আমার ভাই বাহাদুর, আনিছুর রহমান ও হাফেজ মো, আব্দুল কারিম গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে আমি ন্যায় বিচারের আশায় থানায় একটি অভিযোগ দিয়েছি।
অপরদিকে প্রতিপক্ষ আব্দুর রশিদ খোকার পরিবারের লোকজন পাল্টা অভিযোগ তুলে বলেন, আদর আলীর লোকজন পরিকল্পিতভাবে আমাদের লোকজন বাড়ি আসার পথে হামলা করে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তদন্তকারী অফিসার এসআই আকতারুজ্জামন বলেন, এ ব্যাপারে আক্রাম হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।