
শেরপুর : দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণ এবং কলেজ গভর্নিং বডির সদ্য নিয়োগকৃত সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
গতকাল বুধবার (৩ মে) সকালে কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে কলেজ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন ফেস্টুন-ব্যানার নিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তারা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে অধ্যক্ষের কুশপুত্তলিকাদাহ করেন অবরোধকারীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, রণজিৎ চন্দ্র দে, আব্দুর করিম মিস্টার, হানিফ উদ্দিন, খোকন নন্দী, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মাসুদ রানাসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় শিক্ষার হার বাড়াতে ২০০১ সালে লছমনপুর ইউনিয়নে মিনহাজ উদ্দিন মিনাল তার বাবার নামে জমশেদ আলী মেমোরিয়াল কলেজটি প্রতিষ্ঠা করেন। তিনি সভাপতির দায়িত্বে থাকাকালে কলেজটি পর্যায়ক্রমে ডিগ্রী ও অনার্স কলেজে উন্নীত হয়। কিন্তু কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে কলেজটি আজ ধ্বংসের পথে। অধ্যক্ষ রেজা সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের স্বাক্ষর জাল করে কলেজের ৪০ এর অধিক শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। ভর্তি বাণিজ্য করে এবং ফরম ফিলাপের সময় নির্ধারিত ফি’র চেয়ে অধিক অর্থ আদায় করে আত্মসাত করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। অনেক শিক্ষকের পদোন্নতি বঞ্চিত করে অর্থের বিনিময়ে অন্য শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দিয়েছেন। ব্যাংক হিসাবে লেনদেন না করে কলেজের অভ্যন্তরীণ আয়ের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে কলেজের পড়ালেখার মান খারাপ হয়ে গেছে। আগে কলেজের পাশের হার ছিল ৯৬ ভাগ। ২০২২ সালে তা নেমে দাড়ায় ২৩ ভাগে।
এদিকে সকল অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা বলেন, ২০১৮ সালে সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই মিনহাজ উদ্দিন মিনাল তার বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে আসছেন।