
ঝিনাইগাতী (শেরপুর) : প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত টাকার মধ্যে দুই হাজার টাকা পরিশোধ করলেও বাকী মাত্র এক হাজার টাকা না দেওয়ায় শামীম মিয়াকে অংশ নিতে দেওয়া হয়নি চলতি এসএসসি পরীক্ষায়। প্রধান শিক্ষক নুরুল হকের এমন গাফলতিতে এতিম শামিমের শিক্ষা জীবনে অনিশ্চয়তার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। করেছেন মানব বন্ধন ও প্রতিবাদ। শাস্তি দাবী করেছেন ওই শিক্ষকের। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ঘাঘরা ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এবার এসএসসি পরীক্ষার ফি, কেন্দ্র খরচ ও ব্যবহারিক পরীক্ষার ফি ছিলো ২ হাজার ২০ টাকা। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক আদায় করেন তিন হাজার টাকা করে। পিতৃহারা শামীম অনেক কষ্ট করে দুই হাজার টাকা প্রধান শিক্ষককে দিয়ে আসে। এসময় আরও এক হাজার টাকা দাবি করেন প্রধান শিক্ষক। কিন্তু শামীম বাকী এক হাজার টাকা দিতে না পারায় পরীক্ষার প্রবেশ পত্র দেননি প্রধান শিক্ষক নুরুল হক। উল্টো তার জায়গায় শাওন নামে একজনকে দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়।
এ ঘটনা ফাঁস হয়ে গেলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৩ মে) দুপুরে এ ঘটনার প্রতিবাদে কয়রোড মোড়ে এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংগঠন বিক্ষোভ মিছিল করে। এসময় তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এ বিষয়ে জানতে ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক নুরুল হককে পাওয়া যায়নি।
তবে ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান।