
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : চড়ুই পাখির কিচিমিচির শব্দে মুখরিত থাকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ। উপজেলা পরিষদে প্রবেশের মূল ফটকের ডানপাশে অবস্থিত পুরোনো রেন্টি গাছে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি, মনের সুখে উড়ে আসে প্রতিনিয়ত এবং কিচিরমিচির শব্দে মুখরিত করে পুরো এলাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন প্রায় বিলীন গ্রামীণ খড়ের ঘর। কয়েক দশক আগেও গ্রামীণ খড়ের ঘরে ছোট ছোট বাসা করে মানুষের কাছাকাছি বাস করতে দেখা যেত এই চড়ুই পাখি। খড়ের বদলে টিন, ইট, পাথর দিয়ে ঘর-বাড়ি নির্মাণের ফলে এসব দৃষ্টি নন্দন চড়ুই পাখির আবাস স্থল বিনষ্ট হওয়ায় নীড় হারা এই পাখিগুলো তাদের প্রজনন হ্রাস পেয়েছে বহুলাংশে। এখন আর এই পরিবেশ বান্দব পাখিগুলো আগের মত চোখে পড়ে না।
পরিষদের গাছে এসব পাখির ছম্ ছম্ শব্দে চায়ের পিয়ালার আমেজে আসে অন্যরকম অনুভুতি। প্রচারপ্রচারণা না থাকলেও ছুটির দিনে কোলাহল মুক্ত পাখির কিচিমিচির শব্দের অনুভুতি গ্রহণ করে ছদ্মবেশি কবি ও প্রকৃতি প্রেমীরা। সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে চড়ুই পাখির শেষ আশ্রয়টুকু। গাড়ির উচ্চ হর্ণের শব্দে পাখিগুলো যেমন ভিত, তেমনি একটু বৃষ্টিতে পাখিগুলো ভেজার অসহায় আর্তনাত কিংবা পাখিগুলোর খাবারের অভাবে ছুটাছুটি হয়তো চোখে পড়ে না কোন হৃদয়বান মানুষের। ভালোবাসার হাত বাড়িয়ে না দিলেও পাখিগুলো আশ্রয় পেয়েছিল পরিষদের রেন্ট্রি গাছে।
সূত্রে জানা যায়, চড়ুই পাখির সেই আশ্রয় স্থল পুরোনো রেন্ট্রি গাছটি মরা ও ঝড়ে পড়া শিরোনামে নাম মাত্র মূল্যে নিলাম করা হয়েছে। পাখির আশ্রয়স্থল, নয়নাভিরাম, ছায়াঘেরা রেন্ট্রি গাছটি নিলামে বিক্রয় করায় সুধীমহলে বইছে সমালোচনার ঝড়। কেউ কেউ গাছটির ঝুঁকিপূর্ণ ডালপালা ছাটাই করে গাছ রক্ষার পক্ষে মত দিয়েছে। গাছটি কেটে নিলে হয়তো চড়ুই পাখির কিচিরমিচির শব্দে আর মুখরিত হবে না ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, সরকারী নিয়ম অনুযায়ী গাছ নিলাম করা হয়েছে।