
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আলী হোসেন (৫০) নামে এক বর্গাচাষী খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
আজ শুক্রবার (৫ মে সকালে) উপজেলার চরবশন্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরবশন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পার্শ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ এ জমি চাষ করেছিলেন বর্গচাষী আলী হোসেন। শুক্রবার সকালে বর্গাচাষী আলী হোসেন ওই জমিতে ধান কাটতে যান। এসময় তার ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী, শওকত হোসেন ও তাদের লোকজন। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে মামলা দায়রের প্রস্তুুতি চলছে বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ।