1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে বন্যহাতির মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মে, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৬ মে) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের নুহু মিয়ার ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ফসল বাঁচাতে স্থানীয় কৃষকের পেতে রাখা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গারো পাহাড়ের বিভিন্ন স্থানে বন্যহাতির দল খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে প্রবেশ করে কৃষকের ধান ও সবজি ক্ষেতসহ বিভিন্ন প্রজাতির গাছ-পালা বিনষ্ট করছে। শুক্রবার দিবাগত গভীর রাতে একদল বন্যহাতি ভারত সীমান্তঘেঁষা পশ্চিম বাকাকুড়া গ্রামে উঠতি বোরো ধানের জমিতে নেমে তান্ডব চালায়। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন কৃষক নুহু মিয়ার ধান ক্ষেতে একটি বন্যহাতির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ, বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ হাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মৃত হাতিটি পুরুষ জাতের। এর বয়স সাড়ে তিন থেকে চার বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফসল বাঁচাতে স্থানীয় কৃষকের দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঝিনাইগাতী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধাান গবেষণাগারে (সিডিআইএল) পরীক্ষার পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com