
নালিতাবাড়ী (শেরপুর) : মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক কারবারীকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া বারমারী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার হিমেল রিছিল।
দণ্ডপ্রাপ্তরা হলো- আন্ধারুপাড়া এলাকার ফজল আলীর ছেলে ফারুক আহমেদ (৩৫) ও কয়রাকুড়ি এলাকার নূর হোসেনের ছেলে কবির আহমেদ (২০)।
প্রশাসন সূত্র জানায়, সকালে আন্ধারুপাড়া বারমারী বাজার সংলগ্ন ও কয়রাকুড়ি গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাক্ষ্যপ্রমাণ শেষে গাঁজা সেবনের অপরাধে ফারুক আহম্মেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা এবং কবির আহমেদকে ইয়াবা সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।