
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই গ্রামের আনসার আলীর ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণপদ্দী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, আনোয়ার হোসেন দুপুরের দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় টের পেয়ে পরিবারের লোকজন তাকে শেরপুরের বয়ড়া পরানপুরের জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।