
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহিপুর থানা পুলিশ এক মাদরাসা ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুথি আক্তার (১৪) বিপিনপুর গ্রামের মো. হান্নানের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, রবিবার সকালের দিকে স্বাভাবিক ছিল জুথি। সে এভাবে গলায় ফাঁস দেবে বিষয়টি কেউ ভাবতেও পারেনি। সকালে যুথি খাবার খেয়ে প্রতিবেশীদের বাড়িও যায়। আবার সে বাসায় চলে আসে। এরপর অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির মালামাল রাখার ঘরের পাশে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পায। তাৎক্ষণিক স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত জুথি তার মামাবাড়ি থেকে পড়াশুনা করত। প্রায় ১০ বছর আগে তার মা’ও এভাবেই মারা যায়। কি কারণে সে আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।