
শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক তরুণীসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (১৫ মে) সকালে উপজেলার হারিয়াকোনা গ্রামে সীমান্তের ১০৯৫ পিলারের কাছ থেকে তাদের আটক কর হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে এক কিশোরিসহ ৮ জন যুবক শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে যায়। এ সময় সীমান্তের ১০৯৫ পিলারের পাশে সন্দেহাতীতভাবে তাদের দেখে এলাকাবাসী। পরে বিজিবি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ঠিকানা হওয়ায় তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো- শ্রীবরদী উপজেলার বকুলিকান্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে ফরহাদুল ইসলাম (২৩), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওকন্দীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২২), ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে জয় (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে খাদিজা বেগম (২২)।
আটককৃতরা জানায়, আটক রফিকুল ইসলামসহ স্থানীয়দের সাথে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তাদের মাধ্যমে এখানে তারা ঘুরতে এসেছিল।
তবে অপর একটি সূত্র জানায়, তারা এ পথ দিয়ে চোরাইভাবে ভারতের একটি গার্মেন্টসে যাওয়ার জন্য এসেছিল।
আটকের সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাকির হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে তাদের আটক করেছি। তবে আরও তিনজন তাদের সাথে ছিল। তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, এ ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন। তবে আটককৃতদের কোর্টে সোপর্দ করা হবে।