
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রভাষক নির্বাচিত হয়েছেন কে.এম ফারুক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে গত মঙ্গলবার (১৭ মে) শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন মাদরাসার অংশগ্রহণকারী প্রভাষকদের মধ্য থেকে আলিম পর্যায়ে কেএম ফারুক উপজেলার শ্রেষ্ঠ প্রভাষক হিসেবে নির্বাচিত হন।
একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রকাশনা, গবেষণা, প্রবন্ধ, শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন কৌশল-দক্ষতা, যোগত্যাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রণয়ণ ও অন্যান্য কৃতিত্বের উপর ভিত্তি করে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০২২ সালেও তিনি শ্রেষ্ঠ শ্রেণি নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও মাধ্যমিক পর্যায়ে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনে শ্রেণি শিক্ষক শিখা রাণী দে শ্রেষ্ঠ শিক্ষক, কলেজ পর্যায়ে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের প্রভাষক আলতাফ হোসেন ও কারীগরী পর্যায়ে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের শিক্ষক খালেদ রেজা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এসময় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষার্থী, কেরাত, হামদ-নাত ও সঙ্গীতসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়।