মোঃ সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মালামালসহ আন্তঃজেলা কুখ্যাত চার চোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২১মে) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জেলা শহরের পূর্বকুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম শরিফ ওরফে পিচ্চি, রেজাউল হক বাদল ওরফে রেজবুল, রোমান ইসলাম ওরফে রুমন ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মোঃ আলিফ। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের সবার নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করেছে।
গত রবিবার (২১মে) বিকালে সদর থানায় প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা।
পুলিশ জানায়, গত ১৩ মে শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের তিনতলা বিশিষ্ট বাড়ির তালা ভেঙ্গে বাড়ির বিভিন্ন মালামাল চুরি করে তারা। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরের এর তত্বাবধানে সদর থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, এলইডি টিভি, দুইটি মোটর পাম্প, একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে ১৭টি ও রেজাউল হক বাদলের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।