1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় ভাড়া দেয়া হচ্ছে বিসিআইসি সারের ডিলারশীপ লাইসেন্স

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিসিআইসি সারের ডিলার লাইসেন্স অবৈধভাবে ভাড়া দেয়া হচ্ছে লাখ লাখ টাকায়। একই ব্যক্তির নামে একাধিক অনুমতিপত্র নিয়ে মাস চুক্তিতে ভাড়া দেয়া হচ্ছে। এ অভিযোগ কৃষকসহ খুচরা সার বিক্রেতাদের। এর ফলে সরকার নির্ধারিত মূল্য ছাড়াও অতিরিক্ত মূল্য গুনতে হচ্ছে ভুক্তভোগীদের।

কৃষকরা বলেন, অসাধু ব্যক্তিদের সিন্ডিকেটের কবলে পড়ে বছরে হাজার হাজার টাকা লোকশান গুনছেন তারা। কৃষি বিভাগকে অবহিত করেও কোন সমাধান পাচ্ছে না ভুক্তভোগীরা। তবে কৃষকসহ খুচরা সার বিক্রেতাদের অভিযোগের সত্যতা মিলেছে।

গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, নীলগঞ্জ ইউনিয়নের সার বিক্রেতা সন্তোষ কর্মকার। যিনি প্রভাবশালী এক ব্যক্তির অনুমতিপত্র মাস চুক্তিতে ভাড়ায় নিয়ে কয়েক বছর ধরে সার বিক্রি করছেন। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন এ বিক্রেতা।

তিনি আরও জানান, মেসার্স কলাপাড়া এন্টার প্রাইজ নামের একটি অনুমতিপত্র ভাড়ায় নিয়ে সার বিক্রি করছেন পাখিমারা বাজারে। আর এ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তিটি পটুয়াখালীর বাসিন্দা সাজবিন সিদ্দিকা পরশমনি। মূলত এই নারীর নামে অনুমতিপত্র নিয়েই ভাড়া দেন তার স্বামী রুহুল আমিন মুন্সি। তবে মাস চুক্তিতে কত টাকা ভাড়া দেয়া হচ্ছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

মৎস্যবন্দর আলীপুরেও একই অবস্থা ভাড়া দেয়া হচ্ছে সার বিক্রির অনুমতিপত্র। মেসার্স শাহ পরান ট্রেডার্স নামের অনুমতিপত্রটির সত্বাধিকারী ছিলেন পটুয়াখালী জৈনকাঠির বাসিন্দা রতন তালুকদার। যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় খুচরা সার বিক্রেতাদের অভিযোগ, শাহপরান ট্রেডার্স নামে অনুমতি প্রাপ্ত ব্যক্তিটি ছিলেন রুহুল আমিনের মামা। তিনি কখনো আলীপুরে আসেননি। এ লাইসেন্সটিও মাসচুক্তিতে ভাড়া দিতেন রুহুল আমিন।

লতাচাপলী ইউনিয়নের ২ নংওয়ার্ডের খুচরা সার বিক্রেতা রিয়াজ মোর্শেদ বলেন, মূলত এই বিসিআইসি লাইসেন্সগুলো বিভিন্ন নামে নিয়ে মাস চুক্তিতে ভাড়া দেন প্রভাবশালী রুহুল-আমিন। যিনি কলাপাড়ার বাসিন্দা নয়। পটুয়াখালী থেকে স্ত্রী, মামাসহ একধিক ব্যক্তির নামে অনুমতিপত্র নিয়ে ৩ থেকে চার লাখ টাকায় ভাড়া দেন তিনি। যার প্রভাব পড়ছে কৃষকদের উপরে। সরকার নির্ধারিত মূল্য ছাড়াও অতরিক্তি মূল্য দিয়ে সার কিনতে হচ্ছে ক্রেতাদের।

অপরদিকে ওই ইউপির ৮ নং ওয়ার্ডের খুচরা সার বিক্রেতা খলিল খাঁন জানান, ভাড়া দেয়া লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি এখন জীবিত নেই। এরপর ওই ব্যক্তির পরিবারে অনুমতিপত্র নিতে দৌড়ঝাঁপ শুরু করছেন প্রভাবশালী রুহুল-আমিন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। যাতে দূরের এসব মানুষকে আর যাতে অনুমতি পত্র দেয়া না হয়। কিন্তু লতাচাপলীতে অন্তত ১০জন রয়েছেন যারা অনুমতি পাওয়ার উপযুক্ত এবং স্থানীয় ব্যবসায়ী। তাই এদের মধ্যে যে কাউকে লাইসেন্স দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে প্রভাবশালী রুহুল-আমিন বলেন, ১৯৯৬ সাল থেকে অনুমতিপত্র অন্য লোক দিয়ে পরিচালনা করা হচ্ছে। এতে দোষের কিছু নেই। তবে সন্তোষ কর্মকারের কাছে ভাড়া দিয়েছেন জানতে চাইলে তিনি পটুয়াখালীর একাধিক প্রবীণ সাংবাদিকদের পরিচয় দিয়ে বলেন, তার নাম রুহুল আমিন; এটা যেনো সবাই মনে রাখে। এছাড়াও কলাপাড়ায় একটি সাংবাদিক সংগঠনে ৭০ হাজার টাকা দিয়েছেন বলে দাম্ভিকতার সাথে কথা বলেন। এমনকি কলাপাড়াতে একাধিক সিনিয়র আওয়ামী লীগ নেতার সাথে তার দহরম-মহরম রয়েছে বলে উল্লেখ করে নিউজ না করে অবসর সময়ে সাক্ষাতের অনুরোধ জানান তিনি।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, বিসিআইসি সারের ডিলার লাইসেন্স ভাড়া দেয়ার কোন সুযোগ নেই। যদি অনুমতিপত্র ভাড়া দেয়ার সত্যতা পাওয়া যায়। তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com